শিক্ষার্থীদের অবরোধে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪৮ পিএম
শিক্ষার্থীদের অবরোধে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের বিক্ষোভে দিনাজপুরে সড়ক ও রেল যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধের পাশাপাশি রেললাইনে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল এবং দিনাজপুর থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। বিকল্প সড়ক ব্যবহার করেও অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে পারেননি। এতে সাধারণ যাত্রী, রোগীবাহী যানবাহন এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়েন।

একই সময়ে আন্দোলনকারীরা রেললাইনে অবস্থান নেওয়ায় নিরাপত্তার স্বার্থে দিনাজপুর থেকে ঢাকাগামীসহ সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বিভিন্ন রেলস্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে না পারায় অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে বিভিন্ন অনিয়ম, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণ এবং তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে যান চলাচল এবং দিনাজপুর থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। এতে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এম জি