নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলসের একটি গোডাউনে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সকাল ৭টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার খবর পেয়ে ভোর ৪টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় এবং ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ায় পর্যায়ক্রমে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। চারদিক থেকে পানি ছিটিয়ে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ভবনের ভেতরে কেউ অবস্থান করছিলেন না। তবে গোডাউনটিতে কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা অনেক বেশি ছিল।
আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন