স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে সন্দেহ এড়িয়ে ইয়াবা পাচারের চেষ্টা করছিল একটি চক্র। তবে কক্সবাজারের রামুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে সেই চেষ্টা ব্যর্থ হয়। চেকপোস্টে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।
ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পর্যটকের ছদ্মবেশে একটি চক্র ইয়াবা বহন করে কক্সবাজার থেকে অন্যত্র পাচারের চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। প্রতিটি পোটলার মধ্যে ১০টি করে জিপার লক পলিপ্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৬ হাজার অ্যামফিটামিনযুক্ত ইয়াবা।
অভিযানে আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি গাড়ির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মিরপুর ডিওএইচএসের স্টিকার লাগানো ছিল বলে জানায় ডিএনসি। এছাড়া গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।
ডিএনসির উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, অভিযানের ঘটনায় পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে পর্যটনের আড়াল ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারে এসে ইয়াবা সংগ্রহ করে পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেক চক্র ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেলের বহর ব্যবহার করে মাদক পরিবহন করছে। এসব চক্র শনাক্ত ও দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন