সরিষাবাড়ীতে দুই বছরেই ধসে পড়ল খাদ্য গুদামের নতুন ভবন 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:৫০ পিএম
সরিষাবাড়ীতে দুই বছরেই ধসে পড়ল খাদ্য গুদামের নতুন ভবন 

টানা ভারী বর্ষণের কারণে জামালপুরের সরিষাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নতুন অফিস ভবনের একাংশ মাটির নিচে ধসে গেছে। একই সঙ্গে ভবনের সীমানাপ্রাচীরের (বাউন্ডারি ওয়াল) একটি অংশে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১৮ লাখ ৬৯ হাজার ৭১৪ টাকা ব্যয়ে নির্মিত ভবনটিতে এ ধরনের ক্ষয়ক্ষতির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, সরিষাবাড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২২ সালে বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ ভবনটির নির্মাণকাজ শেষ করে খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করে। তবে হস্তান্তরের পর থেকে ভবনটিতে একদিনের জন্যও কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার পর টানা ভারী বর্ষণে ভবনের নিচের মাটি সরে গিয়ে একাংশ ধসে যায়।

উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক বলেন, ভারী বর্ষণের কারণে ভবনের নিচের মাটি সরে যাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নতুন অফিস ভবনের একটি অংশ মাটির নিচে ধসে গেছে।

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান বলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস ভবনটি নদীতীরবর্তী এলাকায় অবস্থিত। টানা ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবনের নিচের মাটিতে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে ভবনের অবশিষ্ট অংশও ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেটিও ধসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি নিরসনে দ্রুত প্রকৌশলগত তদন্ত, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এম জি