পাথরঘাটায় পানিতে ডুবে প্রাণ গেল ৫ বছরের শিশুর

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা) প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০২:১৯ পিএম
পাথরঘাটায় পানিতে ডুবে প্রাণ গেল ৫ বছরের শিশুর

বরগুনার পাথরঘাটা উপজেলায় পানিতে পড়ে ৫ বছর বয়সী শিশু নাবিলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজারখাল এলাকায় নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নাবিল স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার ছেলে। তার মা ফাহিমা রিমু পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করার কারণে নাবিল নানির কাছেই থাকত। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর মাত্র ২০ মিনিট আগেও নাবিল তার মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল, যা এখন হয়ে গেছে শেষ স্মৃতি।

কিছু সময় পর নাবিলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনে থাকা পুকুরপাড়ে নাবিলের জুতা পানিতে ভাসতে দেখতে পান চাচাতো মামা বেল্লাল। সঙ্গে সঙ্গে তিনি পুকুরে ঝাঁপ দিয়ে ঘাটের নিচ থেকে নাবিলকে উদ্ধার করেন।

দ্রুত তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত মা ফাহিমা রিমু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, এখন আমি কাকে নিয়ে বাঁচব? মাত্র ২০ মিনিট আগেই ও আমার সঙ্গে কথা বলেছে। এখন মনে হচ্ছে, ওর কথাগুলো যেন অন্যরকম ছিল।”

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাবিলের বাবা ঢাকায় অবস্থান করায় রাত ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এএন