গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:২০ পিএম
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরীপুর অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়।

সভায় বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম জি