মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নে বড় ভাইয়ের ক্রয় করা জমিতে ছোট ভাই জোর করে দালান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে বড় ভাই বাধা দেওয়ায় বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ছোট ভাই কাজ চালিয়ে যাওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় ভাইয়ের ক্রয় করা জমিতে কংক্রিটের পিলার ও বাঁশের সাপোর্ট দিয়ে দোতলা বাড়ির ফাউন্ডেশনের কাজ চলছে। চারপাশে বালু, সিমেন্ট ও নির্মাণসামগ্রীর স্তূপ।
ঘরের কাজের ঠিকাদার বলেন, “আমরা দোতলা বাড়ির ফাউন্ডেশনের কাজ করে যাচ্ছি। পুলিশ কাজ করতে নিষেধ করেছে, তাই মাঝে-মধ্যে কাজ বন্ধ রাখছি।”
অভিযোগকারী ভাই মোশাররফ খা বলেন, “আমার ভাই তৌহিদুল ইসলাম আমার কাছে সব জমি বিক্রি করে দিয়েছে। এখন সেই বিক্রিত জমিতেই সে গায়ের জোরে ঘর তুলছে। পুলিশ ঘটনাস্থলে আসলে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখে। পুলিশ চলে গেলেই আবার কাজ শুরু করে দেয়।”
অন্যদিকে ঘর নির্মাণকারী তৌহিদুল ইসলামের স্ত্রী দাবি করেন, “এই জমি আমার শাশুড়ির নামে রেকর্ড রয়েছে। মায়ের ওয়ারিশ হিসেবে আমার স্বামী এখানে ঘর তুলছেন।”
স্থানীয়দের অভিযোগ, দুই ভাইয়ের এই বিরোধের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগেই এই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় এক ভাইকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের বিরোধ মাথাচাড়া দিয়ে উঠায় যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, “আদালতের আদেশে কাজ করার নিষেধাজ্ঞা রয়েছে। আইন অমান্য করে কেউ কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর ভূমিকা দাবি করেছেন এলাকাবাসী।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন