জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন গোলাম কিবরিয়া তাপস। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে জেলার বিভিন্ন কর্মসূচিতে সর্বদা সক্রিয় ভূমিকা রেখেছেন।
তবে বর্তমানে শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং বয়স বৃদ্ধির কারণে দলের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই বিবেচনা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
একই সঙ্গে দায়িত্ব পালনকালে সব নেতাকর্মী ও নেতৃত্বের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোলাম কিবরিয়া তাপস।
এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে সদ্য পদত্যাগকারী গোলাম কিবরিয়া তাপস বলেন, “আমি লিখিত আবেদনের মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে চলতি মাসের ২ জুলাই পদত্যাগপত্র পাঠিয়েছি। কেন্দ্রীয় কমিটি থেকে কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়ভাবে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে আমার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করছি।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন