কুড়িগ্রামে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য চোরাচালানি মালামালসহ ৩ জনকে আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
শুক্রবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় সীমান্ত সুরক্ষায় নিজেদের সর্বোচ্চ দক্ষতা ও নিষ্ঠার প্রমাণ দিয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধীনস্থ সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৩ জন মাদক পাচারকারীকে আটকসহ ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এছাড়াও একই সময়ে ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপির পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৬,৭৯,৪৫০ (ছয় লাখ ঊনআশি হাজার চারশত পঞ্চাশ) টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন