বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা যাচাই করতে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশনের (এনপিপিও) একটি প্রতিনিধিদল টাঙ্গাইলের মধুপুর উপজেলার আনারস উৎপাদন এলাকা পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাকিস্তানের এনপিপিওর প্রতিনিধি মো. আকিব মেহেদী। সফরকালে তারা মধুপুরের আনারস উৎপাদন এলাকা, সেন্ট্রাল প্যাক হাউস এবং ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করে। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই পাকিস্তানে বাংলাদেশি আনারস রপ্তানি শুরু হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) সাবির আহমেদ, অতিরিক্ত উপপরিচালক-২ (প্রশাসন ও অর্থ উইং) রকিব আল রানা, পাকিস্তান সরকারের কীটতত্ত্ববিদ আকিব মেহেদী, টাঙ্গাইলের প্ল্যান্ট প্রোটেকশন বিভাগের উপপরিচালক আশেক পারভেজ, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (হর্টিকালচার) শোয়েব মাহমুদ, মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তাজরী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলী, সুরুজ আলী, রেহানা খাতুন, ফারুক হোসেন, আব্দুর রহিম রাজুসহ কৃষি সম্প্রসারণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল স্থানীয় আনারস চাষিদের সঙ্গে মতবিনিময় করে এবং রপ্তানিযোগ্য আনারসের মাঠপর্যায়ের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে। সংশ্লিষ্টদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৃষিপণ্য রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন