বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:৫৪ পিএম
বাঘার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক মেয়র মুক্তার আলীকে প্রধান আসামি করে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার রাতে বিএনপির নেতা ও গোচর গ্রামের রুয়াজ আলী প্রামাণিকের ছেলে জিয়াউল হক জিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এ ঘটনায় পিয়াদাপাড়া গ্রামের এরশাদ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্বপাশে ব্রিজসংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, বিএনপি কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এএন