পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে এক যাত্রীর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত যাত্রীকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আহত সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল হোসেনের ছেলে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী কোনো স্থানে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। একটি পাথর জানালার পাশে থাকা সাব্বিরের ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আঘাতে তাঁর ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, দ্রুতযান এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হন। তাঁকে জামতৈল স্টেশনে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, আহত যাত্রীকে প্রথমে কামারখন্দ উপজেলার আলোকদিয়ার খোকন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন