ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার তিন আসামিসহ গ্রেপ্তার ৮

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:২১ পিএম
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার তিন আসামিসহ গ্রেপ্তার ৮

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি মামলার তিন আসামিসহ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থানায় সম্প্রতি দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তে আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আনিছুর রহমান (২০), টুকাই সুলতানের ছেলে শামীম মিয়া (২২) এবং মৃত আইন উদ্দিনের ছেলে হারেছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়। আনিছুর রহমানের স্থায়ী বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা এলাকায় বসবাস করছিলেন।

এছাড়া পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচ পলাতক আসামিকে আটক করে পুলিশ। তাঁরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার, আওয়াল, মৃত শরীফ খাঁর ছেলে মাতাব আলী, মাতাব আলীর ছেলে দুলাল খাঁ এবং নিজামুদ্দিন (৫৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে চুরি মামলার তিন আসামি এবং পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আটজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর