বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অতি দ্রুত সময়ের মধ্যে ফতুল্লা পোস্ট অফিস হতে হাজীগঞ্জ রোড (ভায়া উপজেলা সদর দপ্তর) পর্যন্ত প্রায় ২.১২ কিলোমিটার দীর্ঘ ও ১৫ ফুট প্রশস্ত আরসিসি (RCC) সড়ক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নারায়ণগঞ্জ সদরের বাস্তবায়নে নির্মিত এই সড়কটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন এবং এলজিইডির উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই আরসিসি সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করবে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়কটি দীর্ঘস্থায়ী ও টেকসই রাখতে সর্বসাধারণের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সড়কে নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত ওজন বহনকারী যানবাহন চলাচল থেকে বিরত থাকতে হবে। অননুমোদিতভাবে সড়ক কেটে পাইপ, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা, সড়কের পাশে অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ না করা এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দীর্ঘদিন ধরে জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা উল্লেখ করেন।
জেএচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন