প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও রেফারেল ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের নোয়াখালীর উপপরিচালক ডা. মোহাম্মদ শেখ সাদেক।
তিনি বলেন, প্রত্যাগত অভিবাসীদের পুনর্বাসনে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ সেবায় বিদেশফেরত অভিবাসীদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আন্তঃপ্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও জোরদার করতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের (এনআরডিটিসি) সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ব্র্যাকের ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ (প্রকল্প-১১৩৭)’-এর আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের জন্য রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালায়’ তিনি এসব কথা বলেন।
সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং প্রত্যাগত অভিবাসীদের জন্য বিদ্যমান সেবাসমূহ সহজলভ্য করার লক্ষ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা নিশ্চিত করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক নোয়াখালী জেলার সমন্বয়ক মো. নুরুজ্জামান। তিনি ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপপরিচালক মুকিত হাসান এবং সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. ইমাম উদ্দিন।
তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের প্রেক্ষাপট, বাস্তবায়নের কারণ, এ পর্যন্ত অর্জিত বিভিন্ন সফলতা এবং বিদেশফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন সেবা তুলে ধরেন। বিশেষ করে কার্যকর রেফারেল ব্যবস্থার মাধ্যমে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করে কীভাবে প্রত্যাগত অভিবাসীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার আওতায় আনা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান কার্যালয়ের ম্যানেজার (নলেজ ম্যানেজমেন্ট) মো. আহসানুল হক রাগীব কর্মশালার উদ্দেশ্য ও এজেন্ডা তুলে ধরেন।
কর্মশালায় প্রত্যাগত অভিবাসী রাসনা আক্তার তাঁর প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশে ফিরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে প্রাপ্ত বিভিন্ন সেবায় উপকৃত হওয়ার বিষয়টি তুলে ধরেন।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার নিজাম উদ্দিন, এসো ঘড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল, সমাজসেবার উপপরিচালক জেড এম মিজানুর রহমান, জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক আশিক কর্মকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার, নোয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মো. দিদার হোসেন, সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ নাজমুল হুদা।
বক্তারা সমবায়ভিত্তিক বিভিন্ন কার্যক্রমে প্রত্যাগত অভিবাসীদের সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ ছাড়া বক্তব্য রাখেন নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাজাহান কামাল। সুধারাম মডেল থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রত্যাগত অভিবাসীদের আইনগত সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
এ সময় সিভিল সার্জন কার্যালয়, শিক্ষা, মৎস্য কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা, সাংবাদিক এবং প্রত্যাগত অভিবাসীরা উপস্থিত ছিলেন।
বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা এবং শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন