জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এরই ধারাবাহিকতায় সরকারি নির্দেশনা অনুযায়ী বোদা ও দেবীগঞ্জ উপজেলা সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে ‘অফিস সহায়ক’ পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগের উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন ওই পদে যোগদান করেছেন।
এ ছাড়া দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন কক্ষের জন্য আরেক শহীদ পরিবারের সদস্যকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন। নিজস্ব তহবিল থেকেও তিনি নিয়মিতভাবে শহীদ পরিবারের সদস্যদের সহায়তা করছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরহাদ হোসেন আজাদ এমপি এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ান। জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর সেবামূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়েছে।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশনা ও মানবিক সুপারিশের ভিত্তিতেই সাকোয়া ইউনিয়নের শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক উদ্যোগ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন