ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলন কমিটির সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও), এসিল্যান্ড ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই সৈয়দা তামান্না হুরায়রা ভূমি প্রশাসনের সেবাকে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। সরকারি খাসজমি উদ্ধার ও সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, নামজারি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়া ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমানো, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তিনি সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ভূমি প্রশাসনে তাঁর এই দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবামুখী কর্মকাণ্ডের মূল্যায়ন হিসেবেই জেলা প্রশাসন তাঁকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন