রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ আটক ২

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৪৬ পিএম
রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ আটক ২

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 

রোববার র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে রবিউল্লাহ (৩০) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে জনি মাহমুদ (৩০)। অভিযানের সময় তাঁদের আটক করে তল্লাশি চালিয়ে ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পরের যোগসাজশে বিক্রি করতেন। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর