খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উত্তোলন করা মাটি পুনরায় আগের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ধলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধলিয়া খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মো. হামিদ নিজের বাড়ির কাজে ব্যবহারের জন্য সেতুর নিচের সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে উত্তোলন করা মাটি পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী তিনি শ্রমিক দিয়ে মাটি আবার সেতুর নিচের আগের স্থানে ভরাট করেন।
এ ঘটনায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ এর সংশোধিত ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মো. হামিদকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া বলেন, পরিবেশের ক্ষতি করে পাহাড়, নদী বা খালের মাটি কাটার মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন