টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় হোসেন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি হিরু মিয়া ওরফে হায়দারকে (৫৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে হোসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলী সখীপুর উপজেলার কাহারতা গ্রামের রাম খাঁর ছেলে। পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হিরু মিয়া ওরফে হায়দার সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২২ জানুয়ারি জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন এলাকা থেকে হোসেন আলী ও হিরু মিয়াকে আটক করে। এ সময় হোসেন আলীর কাছ থেকে ৯০ গ্রাম এবং হিরু মিয়ার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, পুলিশের অভিযানের খবর পেয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলহাজ মিয়া ও সুমী আক্তার পালিয়ে যান। পরদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
সরকারি কৌঁসুলি আরও জানান, ২০২৫ সালের ৭ অক্টোবর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় মোট ৯ জন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
বর্তমানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন আলী জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন। অপর দণ্ডিত হিরু মিয়াকে রায় ঘোষণার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন