মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে "Exchange of Views on Law Enforcement & Drug Control" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মৌলভীবাজারের আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা নাসের রহমান।
সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান। তিনি সমাপনী বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা, সাইবার অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। জেলা পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন