বুড়িচংয়ে সারের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:০৫ পিএম
বুড়িচংয়ে সারের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় এবং বিক্রয়ে অনিয়ম রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভাগের প্রশিক্ষণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, সার ডিলার মো. আবুল হোসেন, মো. মিজানুর রহমান, মাসুক আলম এবং উপজেলার বিসিআইসি, বিএডিসি ও বিভিন্ন ইউনিয়নের খুচরা সার ডিলাররা।

সভায় আসন্ন কৃষি মৌসুমে কৃষকদের প্রয়োজনীয় সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে বাজারে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা এবং প্রতিটি ডিলার ও খুচরা ডিলারকে সার বিক্রির ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, মজুতদারি বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভা শেষে কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও ডিলারকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এম জি