নাসীরুদ্দীন পাটওয়ারী

আশা করেছিলাম লন্ডনে গিয়ে আপনি শুদ্ধ হবেন

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:৪৩ এএম
আশা করেছিলাম লন্ডনে গিয়ে আপনি শুদ্ধ হবেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আশা করেছিলাম, আপনি লন্ডনে গিয়ে শুদ্ধ হবেন। কিন্তু আপনার বুকে জমে থাকা পাপ এখনো পরিষ্কার হয়নি। সময় থাকতে আপনার হৃদয়টা জমজমের পানি দিয়ে পরিষ্কার করে নিন।

গতকাল সোমবার রাত ৮টায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ নজরুল চত্বরে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, বাংলাদেশে এখনো অনেক মুজিবপ্রেমী গোষ্ঠী ও মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা স্বপ্ন দেখেন যে আগামী ডিসেম্বরে নাকি তাঁদের আপা (শেখ হাসিনা) ফিরে আসবেন। কিন্তু তিনি কোথায় আসবেন? তিনি তো হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশে তাঁর আর ফেরার কোনো সুযোগ নেই।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বক্তব্য দেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে মানুষের মনে যে সব প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অনেক কিছুই এখনো পূরণ হয়নি। চাকরিতে বৈষম্য দূর করা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সামগ্রিক রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়াই তাঁদের মূল লক্ষ্য।

তিনি অভিযোগ করে বলেন, কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে প্রকৃত কৃষকেরা বঞ্চিত হচ্ছেন এবং রাজনৈতিক বিবেচনায় শুধু বিএনপির নেতাকর্মীদের এই কার্ড দেওয়া হচ্ছে। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ড. আতিক মোজাহিদ এমপি বলেন, রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন, জবাবদিহি প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই এনসিপি কাজ করে যাচ্ছে। এ সময় তিনি দেশের তরুণ সমাজকে দেশ গঠনের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর