সৈকত আবাসিক হোটেলে অভিযান

অনলাইন জুয়ার অভিযোগে চার যুবক আটক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩৮ পিএম
অনলাইন জুয়ার অভিযোগে চার যুবক আটক

মাগুরা শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। 

সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপসের তথ্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভায়নার মোড় এলাকা থেকে তথ্য পেয়ে সৈকত আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালান সদর থানার এসআই তৌফিক আনাম। সেখান থেকে স্বাধীন (২৫), ইসমাইল হোসেন (২২), তানভীর ওরফে প্রিন্স (২২) এবং মিঠুন শিকদার (২১) নামের চার যুবককে আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

অভিযানকালে তাঁদের ব্যবহৃত চারটি স্মার্টফোন ও সিমকার্ড জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ করা ফোনগুলোতে CV666, BDT88, CK44, TK11 ও KKFB-এর মতো বিভিন্ন নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপসের সক্রিয় তথ্য পাওয়া গেছে। জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৬ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অনলাইন জুয়ার সুনির্দিষ্ট তথ্য পেয়ে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটকের পর তাঁদের ফোনে জুয়ার কার্যক্রমের প্রমাণ মিলেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার খায়রুল হাসান বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তরুণদের এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) জানান, জুয়া, মাদক ও সাইবারভিত্তিক অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে এবং জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

জেএইচআর