কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:১৫ পিএম
কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-তে একদিনে ৫ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এই রেকর্ড অর্জন করা হয়।

সিডিডিএল জানিয়েছে, হ্যান্ডলিং করা কনটেইনারের মধ্যে আমদানি ২ হাজার ১০১টি এবং রপ্তানি ২ হাজার ৯১৮টি টিইইউএস। এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ একদিনের হ্যান্ডলিং রেকর্ড।

এর আগে, গত ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটরের দায়িত্বভার গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব গ্রহণের পর থেকে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, এপ্রাইজমেন্ট পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গেটে কর্মকর্তা ও সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় হ্যান্ডলিং দ্রুততর হয়েছে।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ১ থেকে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত সিডিডিএলের পরিচালনায় এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড় হ্যান্ডলিং ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা পূর্বের তুলনায় প্রায় ৪০% বেশি।

৭ জুলাই সিডিডিএল দায়িত্ব গ্রহণের পর ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। পূর্বের ৪৯ দিনে (১৯ মে–৬ জুলাই) মোট হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। এর ফলে সিডিডিএলের দায়িত্ব গ্রহণের পর ৪৬.৬৬% বৃদ্ধি দেখা গেছে।

ইএইচ