বিজিএমইএ

তৈরি পোশাক শিল্পে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকার বেশি হতে পারে

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:০৯ পিএম
তৈরি পোশাক শিল্পে ক্ষয়ক্ষতি ১০০ কোটি টাকার বেশি হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে অনুমান করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।

রোববার বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়েন ইনামুল হক খান।

তিনি বলেন, “ওই অগ্নিকাণ্ডে তৈরি পোশাক, মূল্যবান কাঁচামাল এবং নতুন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়ে গেছে। এটি শুধু বর্তমান রপ্তানির ক্ষতি নয়, ভবিষ্যতের ব্যবসায়িক সুযোগকেও প্রভাবিত করবে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং সদস্যদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা সংগ্রহ করা হচ্ছে। দ্রুত তথ্য সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টালও খোলা হয়েছে।”

ইনামুল হক খান আরও বলেন, “দাঁড়ানো ২০০–২৫০টি কারখানার পণ্য প্রতিদিন আকাশপথে রপ্তানি হয়। আমরা ভেতরে গিয়ে ভয়াবহ চিত্র দেখেছি। পুরো ইমপোর্ট সেকশন পুড়ে গেছে। আমাদের অনুমান, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) টাকার বেশি হতে পারে।”

তিনি জানান, সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সভা করবে বিজিএমইএ।

বিজিএমইএ নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনায় দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইএইচ