১০ দিনে দেশে এসেছে ১১০ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৭:১২ পিএম
১০ দিনে দেশে এসেছে ১১০ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স

চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ১০৯ মিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৪২০ কোটি টাকা। 

অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার। এই প্রবাহ অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ কোটি ডলার বেশি। গত বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১২৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ৯৭৫ কোটি ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার।

প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

২০২৩–২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল- জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বর ২২০ কোটি, ডিসেম্বর ২৬৪ কোটি, জানুয়ারি ২১৯ কোটি, ফেব্রুয়ারি ২৫৩ কোটি, মার্চ ৩২৯ কোটি, এপ্রিল ২৭৫ কোটি, মে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

ইএইচ