শীতকাল শুরু হলেও রাজধানীর বাজারে সবজির দাম ক্রেতার নাগালের বাইরে থাকায় হতাশা দেখা দিয়েছে।
শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়লেও দাম কমেনি।
এক কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, যেখানে অন্যান্য বছরে একই সময়ে দাম নেমে যেত ৪০-৬০ টাকায়। মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি কেজি প্রতি ৪৫-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আসা শিমের দাম ১০০ টাকা বা তার বেশি, আর সবুজ শিম কেজি প্রতি ৭০-৮০ টাকা। নতুন আলুর দাম বাজার ও মানভেদে ১২০-১৫০ টাকা পর্যন্ত।
অন্যান্য সবজির মধ্যে বরবটি ৭০-৮০ টাকা, ঢেড়স ও পটোল ৫০-৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের ক্রেতা নাজমুল কবীর বলেন, “বেশ কিছু দিন হলো শীতের সবজি এসেছে, কিন্তু দাম এখনও অনেক চড়া। আগের বছরগুলোতে এ সময়ে দাম অনেক কম থাকত।”
কারওয়ান বাজার আড়তদার সমিতির সভাপতি ইমরান মাস্টার জানান, “মাসখানেক আগে অস্বাভাবিক বৃষ্টির কারণে অনেক স্থানে সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। তাই ঢাকায় সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। বাজারে স্থিতিশীলতা ফিরতে ৭-১০ দিন লাগতে পারে।”
অন্যদিকে ডিম ও মুরগির দাম এখনও সহনীয়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকায়, আর ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম ১৬০-১৭০ টাকা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন