পর্যটননগরী কক্সবাজারে এনআরবিসি ব্যাংক পিএলসি, এর ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কক্সবাজার শাখায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান।
সভায় কক্সবাজারে ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই। এ অঞ্চলে অনেক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা রয়েছেন। আমাদের শাখা ও উপশাখাগুলোর মাধ্যমে এই শিল্প খাতকে (সিএমএসএমই) সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে নিতে আগ্রহী। গ্রাহকদের লেনদেন সহজ, দ্রুত ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ‘ক্যাশলেস উদ্যোগ’ বাস্তবায়ন করছে। আমরা সেই উদ্যোগ সফল করতে অনলাইন এবং প্লানেট অ্যাপের মাধ্যমে সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে কাজ করছি।
তিনি আরও বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। সুশাসনই হবে ব্যাংকের আগামী দিনের পথচলার মূল ভিত্তি। ঋণ আদায়ে তদারকি বাড়াতে হবে এবং গ্রাহক বাছাই ও ঋণ প্রদানের ক্ষেত্রে প্রচলিত সকল নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সভায় চট্টগ্রাম জোনের প্রধান সৈয়দ মাহবুবুল হক, কক্সবাজার এরিয়া প্রধান রফিকুল হায়দারসহ সকল শাখা প্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন