দেশের বাজারে সোনার দামে আবারও বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। সব রেকর্ড চুরমার করে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার টাকার মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এখন থেকে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকায়। নতুন এই দাম আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে, যা বিশ্ব অর্থনীতির ইতিহাসে বিরল।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হবে।
ক্রেতাদের জন্য বিশেষ নির্দেশনায় বাজুস জানিয়েছে, গয়না কেনার সময় নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ আরও বেশি হতে পারে। চলতি বছরে এই নিয়ে মোট ৯১ বার সোনার দাম সমন্বয় করল বাজুস, যার মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন