চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন।
দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৮১৯ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ সেই তুলনায় এবার আয় বেড়েছে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার।
চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসীদের টাকা পাঠানোর এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসেই দেশে ১ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি।
ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকার কারণেই বৈধ পথে এই রেকর্ড পরিমাণ আয় আসছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি এনে দেবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন