দেশের জ্বালানি চাহিদা মেটাতে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে এই তেল বাংলাদেশে আসবে।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে নুমালীগড় রিফাইনারি থেকে এই ডিজেল (০.০০৫% সালফার) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স প্রাইজ ৮৩.২২ মার্কিন ডলার ধরে মোট ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলার মূল্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাবটি গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে এই ডিজেল আমদানি করা হচ্ছে। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’-এর মাধ্যমে সরাসরি ভারত থেকে ডিজেল সরবরাহ শুরু হয়।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের মতো উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
জবাবে তিনি বলেন, নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তিটি ১৫ বছরের দীর্ঘমেয়াদি। এই চুক্তি বর্তমান সরকার করেনি, এটি অনেক আগের করা একটি চুক্তি। সেই পূর্ববর্তী চুক্তির ধারাবাহিকতা বজায় রাখতেই এই ডিজেল আনা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন