বিদেশ থেকে আসা পণ্য ও সেবা খাতের ‘ইনওয়ার্ড রেমিট্যান্স’ দ্রুততম সময়ে গ্রাহকের হিসাবে জমা দিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে অবশ্যই গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারের মূল নির্দেশনাসমূহ, ব্যাংকিং কর্মঘণ্টার মধ্যে রেমিট্যান্সের বার্তা বা তথ্য এলে তা ওই দিনই গ্রাহকের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র বা যাচাই প্রক্রিয়া পরে সম্পন্ন করার শর্তে আগেভাগেই গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়া যাবে। তবে যেসব ক্ষেত্রে পরবর্তী যাচাই সম্ভব নয়, সেখানে সর্বোচ্চ ৩ কর্মদিবসের মধ্যে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে লেনদেন নিষ্পত্তি করতে হবে।
প্রতিটি লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স’ (ইউইটিআর) ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে গ্রাহক ও ব্যাংক উভয়ই পেমেন্টের অবস্থান ট্র্যাক করতে পারবে।
ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্মকে এমনভাবে শক্তিশালী করতে বলা হয়েছে যাতে রেমিট্যান্সের ক্ষেত্রে ‘ফরম সি’ বা ‘ফরম সি (আইসিটি)’ এর মতো কাগজের নথির প্রয়োজনীয়তা কমিয়ে আনা যায়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন এই নির্দেশনা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। তবে ব্যাংকগুলোকে তাদের প্রযুক্তিগত ও অভ্যন্তরীণ প্রক্রিয়া পুরোপুরি গুছিয়ে নেওয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের পর কোনো ব্যাংক রেমিট্যান্স জমা দিতে বিলম্ব করলে তা বিধিলঙ্ঘন হিসেবে গণ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাঁদের মতে, এই ব্যবস্থার ফলে গ্রাহকের আস্থা বাড়বে এবং বিশেষ করে আইটি ফ্রিল্যান্সার ও ক্ষুদ্র রপ্তানিকারকরা অনেক বেশি উপকৃত হবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন