শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমে দর কিছুটা নাগালে থাকলেও সরবরাহ কমতে থাকায় এখন তা ঊর্ধ্বমুখী। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শুক্রবার রাজধানীর বাজারগুলোতে দেখা যায়, প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর প্রতি কেজি ৬০ টাকা ও মুলা ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শীতের অন্যতম সবজি শিম জাতভেদে ৪০ থেকে ৮০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা ও টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ও ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অসন্তোষ সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা বেসরকারি চাকরিজীবী জাহিন বলেন, শীতের পুরো মৌসুমে সবজির দাম তুলনামূলক কম ছিল। কিন্তু আজ দেখছি প্রতিটি সবজির দামই ১০ থেকে ২০ টাকা বেশি। মৌসুম শেষ হওয়ার আগেই এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট বাড়বে। এ সময় তিনি বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।
হাজারীবাগ বাজারের ক্রেতা তামিমও একই ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকদিন আগেই ফুলকপি ২০-৩০ টাকা পিস কিনলাম, আজ সেই ফুলকপির দাম চাচ্ছে ৫০ টাকা। দরদাম করে ৪০ টাকায় নিতে হয়েছে।
বিক্রেতাদের ভাষ্য সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে মোহাম্মদপুর বাজারের বিক্রেতা সজিব বলেন, শীত মৌসুমে সবজির সরবরাহ প্রচুর থাকে বলে দাম কম থাকে। এখন মৌসুমের শেষ সময় হওয়ায় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমতে শুরু করেছে। আগে আমরা যে সবজি পাইকারি বাজার থেকে কম দামে কিনতাম, এখন তা ১০ থেকে ২০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন