নির্মাণশিল্পে নতুন দিগন্ত

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে কৌশলগত অংশীদারত্ব সই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:২৬ পিএম
আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে কৌশলগত অংশীদারত্ব সই

দেশের আবাসন ও নির্মাণসামগ্রী খাতের শীর্ষস্থানীয় দুই প্রতিষ্ঠান, আকিজবশির গ্রুপ এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে এক যুগান্তকারী ব্যবসায়িক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে এখন থেকে আনোয়ার ল্যান্ডমার্কের বিভিন্ন প্রকল্পের গ্রাহক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আকিজবশির গ্রুপের প্রিমিয়াম মানের বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্যগুলো আরও সহজে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। 

গত বুধবার রাজধানী ঢাকায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ অংশীদারত্ব চূড়ান্ত হয়।

এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো আবাসন খাতের গ্রাহকদের জন্য বিশ্বমানের নির্মাণসামগ্রী নিশ্চিত করা। চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্কের আওতাধীন প্রজেক্টগুলোর জন্য আকিজবশির গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পণ্য সরবরাহ প্রক্রিয়া আরও গতিশীল করা হবে। 

এর ফলে আকিজ সিরামিকস, রোসা স্যানিটারি ও বাথওয়্যার, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসের মতো প্রিমিয়াম পণ্যগুলো অর্ডার দেওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে বিশেষ অগ্রাধিকার পাবেন গ্রাহকেরা।

কেবল পণ্য সরবরাহ নয়, এ চুক্তিতে গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় করপোরেট সুবিধা। যার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্দিষ্ট ক্যাটগরির পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়, ব্যবসায়িক লেনদেনে সহজ শর্তে ক্রেডিট সাপোর্ট এবং পণ্যের গুণগত মান রক্ষায় দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি ও দ্রুততম সময়ে প্রসেসিং ও ডেলিভারি সমন্বয়।

সমঝোতা স্মারকে আকিজবশির গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার বা সিওও মোহাম্মদ খোরশেদ আলম এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও মোহাম্মদ ফসিউল মাওলা। 

স্বাক্ষরদান শেষে আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এ চুক্তি কেবল পণ্য কেনাবেচার মাধ্যম নয়, বরং এটি নির্মাণশিল্পে একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার শক্তিশালী ভিত্তি। আমরা বিশ্বাস করি, আনোয়ার ল্যান্ডমার্কের আস্থার সাথে আমাদের উন্নত মানের পণ্য যুক্ত হয়ে দেশের আবাসন খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

আনোয়ার ল্যান্ডমার্কের সিইও মোহাম্মদ ফসিউল মাওলা তার প্রতিক্রিয়ায় বলেন, পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করেই এ অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের শীর্ষস্থানীয় একটি আবাসন প্রতিষ্ঠান এবং একটি বৃহৎ নির্মাণসামগ্রী উৎপাদনকারী গ্রুপের এ মেলবন্ধন বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে করে গ্রাহকেরা একই ছাতার নিচে আধুনিক আবাসন নকশা ও টেকসই উপকরণের সমন্বয় পাবেন, যা আধুনিক ও নান্দনিক গৃহনির্মাণে সহায়ক হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উভয় প্রতিষ্ঠানের বিপণন, বিক্রয় ও অপারেশন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা, যারা এ প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা বাস্তবায়নে কাজ করবেন।

ইএইচ