সকালে কমিয়ে রাতে সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৫২ পিএম
সকালে কমিয়ে রাতে সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। 

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।

এর আগে শনিবার সকালে সোনার দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়েছিল বাজুস। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। ১২ ঘণ্টার ব্যবধানে সেই দাম আবারও বাড়াল সংগঠনটি।

আন্তর্জাতিক বাজারে অবশ্য সোনার বড় দরপতন হয়েছে। বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে, যা আগের দিন ৫ হাজার ২০০ ডলার ছিল। গত বৃহস্পতিবার এ দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় সমন্বয় করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরপর গত শুক্রবার ও শনিবার সকালে দুই দফায় সোনার দাম কমানো হয়।

ইএইচ