সকালে বাড়িয়ে রাতে সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:০৮ পিএম
সকালে বাড়িয়ে রাতে সোনার দাম ভরিতে কমল ৩২৬৬ টাকা

সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে চলছে সোনার বাজার। এমন অবস্থায় দাম বাড়ানোর ১২ ঘণ্টা না যেতেই ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। 

এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় দাঁড়িয়েছে। আজ শনিবার সকালে এ দাম ছিল ২ লাখ ৬২ হাজার টাকা।

শনিবার রাত পৌনে ১০টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম রোববার থেকে কার্যকর হবে। 

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেঁধে দেওয়া নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে দেশের বাজারে দাম কমানো হলেও বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম আজ ৪ হাজার ৯৬৬ ডলারে উঠেছে, যা আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

এর আগে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ দাম বেড়েছিল। গত ২৯ জানুয়ারি এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ইএইচ