ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ শতাংশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১২:১৮ পিএম
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২০ শতাংশ

ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে মোট ৩০২ কোটি ডলার দেশে এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমান।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। ধারাবাহিক এ বৃদ্ধিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার (৩১৭ কোটি), যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ে। আর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে ৩২৯ কোটি ডলার, ঈদুল ফিতরকে সামনে রেখে সে সময় প্রবাসীরা বেশি অর্থ পাঠান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫ সালে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৮২ কোটি ডলার।

এদিকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

এএন