বাংলাদেশ, ভারত ও চীনসহ বিশ্বের ১৬টি দেশের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এই তদন্তের তালিকায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো গুরুত্বপূর্ণ দেশ ও জোট রয়েছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি বিশেষ অংশ দেশটির সুপ্রিম কোর্ট বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।
বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, ‘সেকশন ৩০১’-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে এই তদন্ত শুরু হয়েছে। এর ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর ওপর আগামী গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে। তদন্তে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত আমদানি শুল্ক বসাতে পারবে।
জেমিসন গ্রিয়ার আরও বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে অন্য দেশগুলো নিজেদের সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিক তা আমরা হতে দেব না। যুক্তরাষ্ট্রের শিল্পভিত্তিকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।
বিবিসির তথ্যমতে, তদন্তের আওতায় থাকা অন্য দেশগুলো হলো- ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তদন্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আগামী জুলাইয়ের মধ্যেই এই তদন্ত কার্যক্রম শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন