চলতি মার্চ মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী থেকে পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছাপিয়ে গেছে সব পূর্ববর্তী রেকর্ড। এ সময়ে দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ ডলার বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এক মাসের মধ্যে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে গণ্য করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রোববার জানিয়েছেন, এর আগে কোনো মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। তবে চলতি মাসে এই রেকর্ড অতিক্রম করে প্রবাসী আয়ের ইতিহাস গড়ে দিয়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ১৮.৮০ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা তখনও দেশের ইতিহাসে এক নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছিল। এই ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করছে প্রবাসী আয় দেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান অবদান রাখছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন