সারাদেশের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এক যুগ ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে ৩ লাখ ৬৭ হাজার ৫২০টি বই দিয়েছে বিকাশ।
এই ধারাবাহিকতায় বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদের হাতে এ বছরের জন্য আরও ৪০ হাজার বই হস্তান্তর করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বইগুলো হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব:)। ২০১৪ সাল থেকে বিকাশের দেওয়া এই বইগুলো দেশের প্রায় ৩০০০ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে উপকৃত হয়েছে ৩৪ লাখের বেশি পাঠক।
বিশ্বসাহিত্য কেন্দ্র গত কয়েক দশক ধরে পাঠ্যক্রমের বাইরে দেশি-বিদেশি সাহিত্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এই কর্মসূচি পরিচালনা করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। বইপড়া কার্যক্রমকে জনপ্রিয় করতে জেলা ও উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ বলেন, ভালো পরিবেশই পারে আলোকিত মানুষ তৈরি করতে। জ্ঞান চর্চা ও আলোকিত মানুষ গড়ার এই মিশনে বিকাশের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের দীর্ঘদিনের মৈত্রী অনন্য, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিকাশের কর্মকর্তা মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব:) জানান, বিকশিত মানুষই বিকশিত দেশ গড়বে। শিক্ষিত ও মননশীল প্রজন্ম গড়ার লক্ষ্যে টেকসই সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিকাশ এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান, বিকাশের রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড হুমায়ুন কবিরসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর যুক্ত হওয়া বইগুলো দেশের ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন