দেশের বাজারে আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:০৮ পিএম
দেশের বাজারে আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত এই জ্বালানির দাম প্রতি লিটারে প্রায় ২৫ টাকা বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ মার্চ এই দাম ছিল লিটার প্রতি ২০২ টাকা ২৯ পয়সা।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দরের ঘোষণা দেয়। বিইআরসি জানায়, নতুন এই নির্ধারিত মূল্য ৭ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত ২২৭ টাকা ০৮ পয়সার মধ্যে শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের এই দাম শুল্ক ও ভ্যাটমুক্ত রাখা হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে জেট ফুয়েলের দাম দুইবার বৃদ্ধি পেল। এর আগে গত ২৪ মার্চ লিটারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছিল। দফায় দফায় জ্বালানির দাম বাড়ার ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান ভাড়াও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই দিনে জাতীয় সংসদে আগামী মাসেও জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

জেএইচআর