জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে ‘ফুয়েল পাস’ অ্যাপের আওতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ঢাকা জেলার বাইরেও নির্দিষ্ট কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এই ডিজিটাল সিস্টেমের অন্তর্ভুক্ত হবে।
প্রাথমিক পর্যায়ে ঢাকা ও ঢাকা মেট্রোর পাশাপাশি চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রো, রাজশাহী ও রাজশাহী মেট্রো, খুলনা ও খুলনা মেট্রো, বরিশাল ও বরিশাল মেট্রো এবং চাঁদপুর ও ময়মনসিংহ জেলার মোটরসাইকেলগুলো ‘ফুয়েল পাস’ অ্যাপে নিবন্ধনের সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাগুলোকেও এই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে।
এদিকে, পাইলট প্রকল্পের অংশ হিসেবে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে রাজধানীর ঢাকা জেলায় নতুন করে আরও ১৮টি পেট্রোল পাম্পে এই কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে এসব পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করতে অ্যাপ ও কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক হবে, যা জ্বালানি সাশ্রয় ও কালোবাজারি রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ আরও জানায়, ‘ফুয়েল পাস’ সিস্টেমের মাধ্যমে মোটরসাইকেল চালকরা সহজে ও সুশৃঙ্খলভাবে জ্বালানি সংগ্রহ করতে পারবেন। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য চালক এবং পাম্প মালিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্বালানি খাতে এমন আধুনিকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন