চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সরকারি সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান ও চাল সংগ্রহ চলবে।
সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, এবার বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হবে।
তিনি আরও জানান, ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।
ধান সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। উভয় পণ্যই ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ করা হবে।
তিনি জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখানে থেকে গম সংগ্রহ সম্ভব না হলে বাকি অংশ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন