দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি মাসে এটি তৃতীয় চালান। এতে উত্তরাঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার বেলা ১১টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে নির্ধারিত সময়েই ডিজেল পৌঁছেছে।
জানা গেছে, গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। টানা ৬৫ থেকে ৭০ ঘণ্টা পরিবহনের পর জ্বালানি বাংলাদেশে এসে পৌঁছে।
এর আগে চলতি মাসেই আরও দুই দফায় জ্বালানি এসেছে—১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন। সব মিলিয়ে এপ্রিলে এখন পর্যন্ত ১৩ হাজার টন ডিজেল এসেছে, আর চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে মোট ৩৫ হাজার টন ডিজেল বাংলাদেশে প্রবেশ করেছে।
বিপিসি সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবেই ধাপে ধাপে সরবরাহ অব্যাহত রয়েছে।
পার্বতীপুর রেলহেড ডিপো থেকে এই ডিজেল পরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। বিশেষ করে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই পাইপলাইন ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই ভূগর্ভস্থ পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এর মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হয়।
চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর ভারত বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করবে। বছরে প্রায় ২ থেকে ৩ লাখ টন জ্বালানি আমদানির সুযোগ থাকলেও ভবিষ্যতে চাহিদা অনুযায়ী তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন