চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনেই দেশে ২৭১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ১৫৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ। শুধু গতকাল রবিবারই দেশে এক হাজার ৬৯৫ কোটি ৮০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪০৫ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এই বছর এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকারের নানা উদ্যোগ এবং ডলারের দাম সমন্বয়ের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন। রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন