আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে শুল্ক-কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, বিদ্যমান করহার ইতোমধ্যেই উচ্চ পর্যায়ে পৌঁছেছে, তাই নতুন করে কর বৃদ্ধির সুযোগ সীমিত।
সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাত সংশ্লিষ্ট সাতটি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি ও প্রস্তাব শোনে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান বলেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সিগারেটের দাম কম থাকায় মূল্য পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে আপাতত নতুন কোনো কর আরোপের পরিকল্পনা নেই।
সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন অবৈধ সিগারেট আমদানি বন্ধের দাবি জানায়। সংগঠনটির প্রতিনিধি আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ বলেন, অবৈধ সিগারেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে সিগারেটের পণ্যে বিশেষ কোড ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাজারে নজরদারি আরও শক্তিশালী হয়।
সভায় বিভিন্ন মোবাইল অপারেটর ও মোবাইল শিল্প সংগঠনও অংশ নেয়। তারা সিম পরিবর্তনে ভ্যাট প্রত্যাহার এবং অবৈধ মোবাইল ফোন আমদানি রোধে জাতীয় পর্যায়ে রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর দাবি জানায়।
এনবিআর জানিয়েছে, বাজেট প্রক্রিয়ায় বিভিন্ন খাতের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং রাজস্ব ব্যবস্থাকে আরও আধুনিক ও নিয়ন্ত্রিত করার উদ্যোগ চলমান রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন