চলতি মে মাসের প্রথম চার দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রবাহিত হয়েছে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এই চার দিনে দেশে এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার, যা এবারের তুলনায় অনেক কম।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চ মাসে এই প্রবাহ ছিল আরও বেশি, ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত যেকোনো এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
গত বছরের ডিসেম্বর মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, আর অক্টোবর ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা একক অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন