ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্পআয়ের মানুষের জন্য ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের মোট ব্যয় হবে ৩৬৮ কোটি ৯০ লাখ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ১ কোটি নিম্ন আয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনা হবে।
দরপত্র যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেড’ (ঢাকা) এই তেল সরবরাহের কাজ পেয়েছে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার পাম অলিনের দাম পড়বে ১৮৪ টাকা ৪৫ পয়সা। প্রতিটি বোতলে থাকবে ২ লিটার করে তেল।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে টিসিবির জন্য ভোজ্যতেল ক্রয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ কোটি লিটার। এই লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ৬ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৭৭৮ লিটার তেল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। সভায় কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন