পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কুরবানি বিষয়ক সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দাম রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, কুরবানির চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য এবারও সরকারি উদ্যোগে সারা দেশে বিনামূল্যে লবণ বিতরণ করা হবে। ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এই লবণ সরবরাহ করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন